যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

আবু সাঈদ-ওসমান হাদীর স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১০:৫৭ AM

আবু সাঈদ-ওসমান হাদীর স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ ও ওসমান হাদীর স্বপ্ন দুই বছরের মধ্যেই ভেঙে দিয়েছে বিএনপি। তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের আশা করেছিল, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।

শনিবার (১৯ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত এক জুলাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির এই নেতা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ দেশের মানুষের মধ্যে নতুন আশা ও আকাঙ্ক্ষার সৃষ্টি করেছিল। সেই আন্দোলনের মধ্য দিয়ে মানুষ রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাশা করেছিল। তবে দুই বছর পর সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, বিএনপি জনগণের কাছে সংস্কার, পরিবর্তন, আওয়ামী লীগের আমলের বিভিন্ন ঘটনার বিচার এবং জুলাই আন্দোলনের শহীদদের হত্যার বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমানে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “আমরা বিচারের অপেক্ষায় ছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার জন্য তদবির করতে দেখা গেছে।” তবে তার এই বক্তব্য রাজনৈতিক অভিযোগ হিসেবে উল্লেখ করেন তিনি।

পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি জনগণের কাছে গিয়ে নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করবে। তিনি দাবি করেন, তাদের দল কোনো ধরনের দুর্নীতি, টেন্ডারবাজি, দখলদারিত্ব কিংবা ক্ষমতার অপব্যবহারের রাজনীতি করবে না।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সব ধর্ম ও মতের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবে।

তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ, জোরপূর্বক প্রবেশ (পুশইন) প্রতিরোধ এবং পুলিশ, সামরিক বাহিনী ও অর্থনৈতিক খাতে প্রয়োজনীয় সংস্কারের জন্য কাজ করতে চান তারা। পাশাপাশি উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে ইঙ্গিত দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় অমান্যকারীদের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মত্যাগের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, এনসিপির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক রহমান মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!