যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০২:৩২ PM

১২
দিনাজপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই নারীদের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বাংলাদেশে ঢুকতে না দিয়ে ভারতের দিকে ফেরত পাঠিয়েছে।

শনিবার ভোরে বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি, বিএসএফ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ৯ নারী নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তাদের বাড়ি গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল এলাকায়। তাদের কাছে নিজেদের ও পরিবারের সদস্যদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে বলেও তারা জানিয়েছেন।

ওই নারীরা দাবি করেন, দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন। পরে তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিএসএফের একটি দল ওই নারীদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয়দের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা বিজিবিকে সহযোগিতা করছেন। স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য বলেন, কোনোভাবেই ওই নারীদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। ভারতের কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বিএসএফকে জানানো হয়েছে।

এদিকে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় ওই ৯ নারী ভারতের অংশে একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান করছেন বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

দিনাজপুর সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত বিজিবি বিএসএফ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!