ছবি : সংগৃহীত
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হেলাল মৃধা (২০), রইস শিকদার (১৬) ও রনি বেপারী (১৭)।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল বলেও স্থানীয়দের দাবি। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, ঘটনার রাতে একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে যায়। দরজা খুলতে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হলে তারা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে কিশোরীকে নিয়ে যায়। স্বজনরা জানান, ঘটনার সময় ভুক্তভোগীর মা ও চাচা চিকিৎসার কাজে বাইরে ছিলেন। বাড়িতে কিশোরী তার ছোট ভাই-বোনের সঙ্গে অবস্থান করছিল।
পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের আটক করার চেষ্টা করেন। এ সময় দুজনকে একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাওছার বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!