শেখ রহমত উল্লাহ। ছবি : সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে তার প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ চলে যান। এরপর থেকে তাদের দুজনের মুঠোফোন বন্ধ রয়েছে বলে অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম দাবি করেন, রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে শনিবার রাতে তারা চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ থানায় করা অভিযোগে দাবি করেছেন, তার ছেলের স্ত্রী বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে চলে গেছেন।
অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করছে শাহরাস্তি থানা পুলিশ। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগে উল্লেখ করা সম্পর্ক বা অন্য দাবিগুলো এখনো তদন্তে প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!