ছবি: সংগৃহীত
গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েক শ শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে আমবাগ এলাকার মিতালী ক্লাবসংলগ্ন কারখানার সামনে তারা অবস্থান নেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানাটির প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন বলে জানান। কর্তৃপক্ষের কাছে একাধিকবার বকেয়া পরিশোধের দাবি জানানো হলেও সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামেন বলে দাবি শ্রমিকদের।
বিক্ষোভের সময় শ্রমিকরা সড়কে অবস্থান নেন এবং কিছু কাগজে আগুন দিয়ে প্রতিবাদ জানান। এতে আমবাগ এলাকায় সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
কারখানা সূত্রে জানা গেছে, আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের কথা থাকলেও তা দেওয়া সম্ভব হয়নি। এ কারণে ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর কয়েক দফায় ছুটির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২১ ও ২২ সেপ্টেম্বরও সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
ছুটি থাকা সত্ত্বেও সোমবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, দ্রুত বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি নিয়মিত বেতন দেওয়ার ব্যবস্থা এবং সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন কয়েকজন শ্রমিক।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে সড়কে অবস্থান করেছিলেন। আন্দোলনের সময় কিছু কাগজে আগুন দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের পাওনা ও পরিস্থিতি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এদিকে, হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!