আজমুল হোসেন
খুলনায় ভাত চুরির অপবাদ দিয়ে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেনকে নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। তবে রোববার বিকেল পর্যন্ত মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শনিবার রাতে নগরীর হরিণটানা থানায় মামলাটি করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলসংলগ্ন একটি মেসে মিল না দিয়ে খাবার খাওয়াকে কেন্দ্র করে আজমুলের বিরুদ্ধে খাবার চুরির অভিযোগ তোলা হয়।
এরপর মেসের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মারধর ও নির্যাতন করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং মেসের ছাদেও তাকে নির্যাতন করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
পরে আজমুল চারতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন বলে অভিযোগে বলা হয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
হরিণটানা থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, নিহতের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ রয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।
ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!