ছবি : সংগৃহীত
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, বন্দর অবকাঠামো উন্নয়ন এবং নৌপরিবহন খাতের আধুনিকায়নে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ লক্ষ্যে আমিরাতের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
রোববার (২০ জুলাই) সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইকুইলাইন ফাইন্যান্স–এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প ও নৌপরিবহন খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ খাতকে আধুনিক, প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিশেষভাবে জাহাজ নির্মাণ, বন্দর অবকাঠামো উন্নয়ন এবং নৌপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশি অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের সামুদ্রিক অর্থনীতি, বন্দর ব্যবস্থাপনা এবং নৌপরিবহন খাতকে আরও শক্তিশালী করা সম্ভব।
বৈঠকে ইকুইলাইন ফাইন্যান্সের প্রতিনিধিরা বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, সমুদ্রগামী জাহাজ সরবরাহ এবং নৌপরিবহন খাতের উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, বাংলাদেশের সামুদ্রিক খাতে বিনিয়োগের সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের জন্যই নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হতে পারে।
আলোচনায় বাংলাদেশের নৌপরিবহন খাতে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ ভবিষ্যতে যৌথ প্রকল্প বাস্তবায়নের আশাবাদও ব্যক্ত করেন।
জাহাজ নির্মাণ আমিরাতের বিনিয়োগ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!