যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

হরমুজ ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ PM ১২
হরমুজ ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনায় জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌ ও স্থলপথ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০৭ দশমিক ৫৪ মার্কিন ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় উদ্বেগ হলো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোতে সম্ভাব্য বাধা। এসব রুটে সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়েছে। একটি ড্রোন হামলার পর দেশটি এই পদক্ষেপ নেয়। পাইপলাইনটি দেশটির জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়।

এদিকে রবিবার হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। হামলাটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোনের মাধ্যমে হয়েছে, তা নিয়ে তথ্য থাকলেও ইরানের প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় জাহাজটির একজন আরোহী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নতুন বিধিনিষেধও কার্যকর হয়েছে। ইরানের পক্ষ থেকে এই জলপথ ব্যবহারের আগে বাধ্যতামূলক অনুমতি নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রণালিটি ব্যবহারের জন্য বিশেষ সার্ভিস ফি বা মাশুল আরোপের প্রক্রিয়াও চলছে।

উৎসের তথ্য অনুযায়ী, এসব শর্ত অমান্য করা জাহাজগুলো হামলার ঝুঁকিতে পড়ছে। একই সময়ে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যে দেশটির উপকূলীয় এলাকাতেও মার্কিন বাহিনীর বোমাবর্ষণের ঘটনা ঘটছে।

এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলো ও ইরানের মধ্যে যে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করেছে মধ্যস্থতাকারী দেশ ওমান।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য অংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে দীর্ঘস্থায়ী কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি ও তেল ঘাটতির ঝুঁকিও বাড়তে পারে।

জ্বালানি তেল হরমুজ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!