মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগে কমেছে মার্কিন ভোক্তা আস্থা; ছবি: সংগৃহীত
উচ্চমূল্য ও ক্রয়ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা সেপ্টেম্বরে চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত জরিপে এ তথ্য উঠে এসেছে। রয়টার্সও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের ‘সার্ভেস অব কনজিউমার্স’ অনুযায়ী, সেপ্টেম্বরের কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্স বা ভোক্তা আস্থা সূচক দাঁড়িয়েছে ৪৮ দশমিক ১ পয়েন্টে। আগস্টে এ সূচক ছিল ৫১ দশমিক ৭। তবে সেপ্টেম্বরের চূড়ান্ত হিসাবটি প্রাথমিক ৪৭ দশমিক ৮ পয়েন্টের তুলনায় কিছুটা বেশি। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদেরা সূচকটি ৪৭ দশমিক ৬ পয়েন্টে নামতে পারে বলে ধারণা করেছিলেন।
বছরের শুরু জানুয়ারির তুলনায় সেপ্টেম্বরে ভোক্তা আস্থা প্রায় ১৫ শতাংশ কমেছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের পরিচালক জোয়ান সু জানান, পণ্যের উচ্চমূল্য নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় বর্তমান ও আগামী এক বছরের ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি সম্পর্কে ভোক্তাদের মূল্যায়ন—দুই ক্ষেত্রেই প্রায় ১০ শতাংশ দুর্বল হয়েছে।
জরিপে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ভোক্তাদের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৬-এর তুলনায় সেপ্টেম্বরে রিপাবলিকানদের ভোক্তা আস্থা ২০ শতাংশ কমেছে। একই সময়ে ডেমোক্র্যাটদের আস্থা কমেছে ১৩ শতাংশ।
মূল্যস্ফীতির প্রত্যাশাতেও নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগামী এক বছরে মূল্যস্ফীতি কত হতে পারে—এ বিষয়ে ভোক্তাদের গড় প্রত্যাশা আগস্টের ৪ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। ফেব্রুয়ারিতে ইরান সংঘাত শুরুর আগে এই প্রত্যাশা ছিল ৩ দশমিক ৪ শতাংশ।
দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির প্রত্যাশাও সামান্য বেড়েছে। টানা তিন মাস ৩ দশমিক ৩ শতাংশে থাকার পর আগামী পাঁচ বছরের মূল্যস্ফীতি নিয়ে ভোক্তাদের গড় প্রত্যাশা সেপ্টেম্বরে বেড়ে ৩ দশমিক ৪ শতাংশ হয়েছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের হিসাবে, এই হার ২০২৪ সালের ২ দশমিক ৮ থেকে ৩ দশমিক ২ শতাংশের পরিসরের চেয়েও বেশি।
জরিপে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রত্যাশার সূচকেও পতন দেখা গেছে। সেপ্টেম্বরে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সূচক ৫০ দশমিক ৯ পয়েন্টে নেমেছে, যা আগস্টে ছিল ৫১ দশমিক ৯। আর ভোক্তাদের অর্থনৈতিক প্রত্যাশার সূচক আগস্টের ৫১ দশমিক ৫ থেকে কমে ৪৬ দশমিক ৩ পয়েন্ট হয়েছে।
মিশিগান বিশ্ববিদ্যালয় জানিয়েছে, উচ্চ জ্বালানি মূল্য এবং নতুন করে বাণিজ্যসংক্রান্ত উত্তেজনা অর্থনীতিতে চাপ বাড়াতে পারে—এমন আশঙ্কাও ভোক্তাদের ভবিষ্যৎ মূল্যায়নে প্রভাব ফেলেছে। একই সঙ্গে উচ্চমূল্য কীভাবে ব্যক্তিগত আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে, তা নিয়েও উদ্বেগ অব্যাহত রয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!