যুক্তরাষ্ট্র   শনিবার ১ আগস্ট ২০২৬,১৬ শ্রাবণ ১৪৩৩

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার জবাব কিয়ারার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:২১ PM

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার জবাব কিয়ারার

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি নতুন সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এ অভিনয় নিয়ে আলোচনায় রয়েছেন। ছবিতে সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়লেও এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

দক্ষিণী তারকা যশের সঙ্গে জুটি বেঁধে ‘টক্সিক’ সিনেমায় অভিনয় করছেন কিয়ারা। ছবিতে তার চরিত্র ও অভিনয়ের ধরন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে একাংশের মন্তব্য, মা হওয়ার পর এমন ধরনের চরিত্রে অভিনয় করা ঠিক নয়।

সমালোচনার জবাবে কিয়ারা জানান, কোনো চরিত্র গ্রহণের ক্ষেত্রে তিনি শুধুমাত্র গল্প ও অভিনয়ের সুযোগকে গুরুত্ব দেন। তার মতে, একজন অভিনেত্রীর জন্য চ্যালেঞ্জিং ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করার সুযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘টক্সিক’-এর গল্প শোনার পরই তিনি চরিত্রটির প্রতি আকৃষ্ট হন। তার ভাষ্য, একজন অভিনেত্রী হিসেবে তিনি সবসময় এমন চরিত্র খোঁজেন, যেখানে নতুন কিছু করার সুযোগ থাকে।

নারী চরিত্রের উপস্থাপন নিয়ে কিয়ারা বলেন, নারীদের একটি নির্দিষ্ট ধরনের চরিত্রের মধ্যে আটকে রাখা উচিত নয়। পর্দায় নারীদের শক্তিশালী, স্বাধীন ও বৈচিত্র্যময় চরিত্রে তুলে ধরা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

‘টক্সিক’ সিনেমায় কিয়ারা ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে তৈরি করেছেন যশ ও গীতু মোহনদাস। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমা পরবর্তীতে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কিয়ারা আদভানি যশ Toxic Movie

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!