যুক্তরাষ্ট্র   শনিবার ১ আগস্ট ২০২৬,১৬ শ্রাবণ ১৪৩৩

কনসার্টে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন, সিঙ্গাপুরে নিষিদ্ধ ব্রিটিশ ব্যান্ড ম্যাসিভ অ্যাটাক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৫:০৮ PM

কনসার্টে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন, সিঙ্গাপুরে নিষিদ্ধ ব্রিটিশ ব্যান্ড ম্যাসিভ অ্যাটাক

‘ম্যাসিভ অ্যাটাক’-এর কনসার্টে ফিলিস্তিনের পতাকা/ ছবি: ভিডিও থেকে নেওয়া

কনসার্ট চলাকালে মঞ্চে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের অভিযোগে ব্রিটিশ ট্রিপ-হপ ব্যান্ড ‘ম্যাসিভ অ্যাটাক’-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। দেশটির পুলিশ শুক্রবার (৩১ জুলাই) এ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৯ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত ব্যান্ডটির কনসার্টে মঞ্চে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এরপর ব্যান্ডটির দুই সদস্যের সিঙ্গাপুরে প্রবেশ এবং ভবিষ্যতে দেশটিতে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজকরা অনুষ্ঠানের লাইসেন্সের শর্ত সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। তবে অনুষ্ঠানের সময় ব্যান্ড সদস্যরা বিদেশি পতাকা প্রদর্শন করে এবং রাজনৈতিক বক্তব্য দেওয়ার মাধ্যমে নির্ধারিত শর্ত ভঙ্গ করেছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কনসার্টের সময় ব্যান্ডের দুই সদস্য মঞ্চে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করছেন। এ সময় দর্শকদের একাংশ তাদের সমর্থন জানায়।

সিঙ্গাপুরে প্রকাশ্যে বিদেশি পতাকা, জাতীয় প্রতীক বা রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। দেশটির আইন অনুযায়ী, পূর্ব অনুমতি ছাড়া এ ধরনের প্রদর্শন নিষিদ্ধ।

‘ম্যাসিভ অ্যাটাক’ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থানের জন্য পরিচিত। এর আগে চলতি বছরের এপ্রিলে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনায় ব্যান্ডটির সদস্য রবার্ট ডেল নাজাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!