ছবি: সংগৃহীত
ডিমেনশিয়ার কারণে দৈনন্দিন জীবনের অনেক বিষয়ই ভুলে গেছেন এক প্রবীণ নারী। তবে তার স্মৃতিতে এখনো স্পষ্টভাবে রয়ে গেছে একটি নাম—দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের সদস্য জিমিন।
মায়ের এই বিশেষ ভালো লাগার বিষয়টি জানতে পেরে তাকে জিমিনের কনসার্ট দেখাতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে নিয়ে যান তার মেয়ে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
মেয়ে জানান, তার মা ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে অনেক স্মৃতি হারিয়েছেন। কোথায় যাচ্ছেন বা কী কারণে কোনো জায়গায় গেছেন—এমন বিষয়ও অনেক সময় মনে রাখতে পারেন না। কিন্তু জিমিনের নাম ও তার প্রতি মায়ের ভালো লাগা এখনো অটুট রয়েছে।
এই স্মৃতিটুকুকে ধরে রাখতেই মেয়েটি জিমিনের কনসার্টের টিকিট সংগ্রহ করেন। খবরটি শোনার পর মায়ের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
কনসার্টে যাওয়ার পথে মা-মেয়ে বিমানে যাত্রা করেন। মেয়ের ভাষ্য অনুযায়ী, পুরো যাত্রায় তার মা আনন্দের সঙ্গে গান গেয়েছেন এবং জিমিনকে দেখার কথা বলেছেন।
তবে শারীরিক অসুস্থতার কারণে যাত্রাপথে বেশ কয়েকবার বিভ্রান্ত হয়ে পড়েন তিনি। জিমিনকে চেনার বিষয়টি মনে থাকলেও কোথায় যাচ্ছেন কিংবা কেন বিমানে উঠেছেন—এসব তিনি বারবার ভুলে যাচ্ছিলেন।
শিকাগো পৌঁছে মা ও মেয়ে জিমিনের কনসার্ট উপভোগ করেন। পরে একটি পপ-আপ স্টোর থেকে জিমিনের বিভিন্ন স্মারক সংগ্রহ করেন তারা।
জিমিনের নাম লেখা টি-শার্ট পরা ওই প্রবীণ নারীর হাসিমুখের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর অনেকেই ঘটনাটিকে আবেগঘন ও বিশেষ একটি স্মৃতি হিসেবে দেখেছেন।
মেয়ে জানান, অসুস্থ মায়ের সঙ্গে এমন একটি আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ। জিমিনকে ঘিরে মায়ের যে স্মৃতিটুকু এখনো অটুট রয়েছে, সেটিকে ঘিরেই এই বিশেষ আয়োজন করেছিলেন তিনি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!