যুক্তরাষ্ট্র   রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬,৪ আশ্বিন ১৪৩৩

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ PM
২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে তিনি বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এটি জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচি ও সম্ভাব্য বক্তব্যের বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

নিউইয়র্কে পৌঁছে ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিন জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য দেওয়া স্বাগত প্রাতঃরাশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে সাধারণ পরিষদের উদ্বোধনী কার্যক্রমে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে যোগ দেবেন তিনি।

সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। ২৩ সেপ্টেম্বর বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

২৩ সেপ্টেম্বর বৈশ্বিক বৈষম্য মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিন জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত জলবায়ু বিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন তিনি।

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, লস অ্যান্ড ড্যামেজ এবং জলবায়ু ন্যায়বিচারের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের আয়োজনে দুটি সাইড ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাওয়ার কথা রয়েছে। রোহিঙ্গা সংকটকে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হবে।

২৪ সেপ্টেম্বর মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি নিয়ে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং দক্ষ ও প্রশিক্ষিত ধাত্রীসেবার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরবেন তিনি।

এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে একই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর কর্মসূচি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ওই রাতে তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!