জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত ‘পশ্চিম দেয়াল’-এ পাসওভার (পেসাচ) উৎসব চলাকালে ইহুদি উপাসকরা/ ২৫ এপ্রিল ২০২৪ তারিখে তোলা ছবি/ এএফপি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কয়েকজন মন্ত্রী ও হাজারও ইসরায়েলিকে নিয়ে পূর্ব জেরুজালেমের পুরোনো শহরের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে গেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তার মধ্যে তারা সেখানে যান।
নেতানিয়াহু আল-আকসা মসজিদের ভেতরে প্রবেশ করেননি। তিনি পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রার্থনায় অংশ নেন। একই সময়ে বিপুলসংখ্যক ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ আদায় ও পুরোনো শহরের বাজারে কেনাকাটার জন্য এলাকায় আসেন।
ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেটের বিবৃতি অনুযায়ী, পুরোনো শহরের ওয়াদি স্ট্রিট দিয়ে হাজার হাজার ইসরায়েলি পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইয়ম কিপ্পুরকে সামনে রেখে আল-আকসা মসজিদের একটি প্রবেশপথ বাব আল-রহমার কাছে প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের আহ্বান জানিয়েছিল কয়েকটি ইসরায়েলি গোষ্ঠী। ওই আহ্বানের পরই সেখানে বিপুলসংখ্যক ইসরায়েলি জড়ো হন।
অন্যদিকে, ইয়ম কিপ্পুর উপলক্ষে ফিলিস্তিনিদেরও আল-আকসা মসজিদে আসার আহ্বান জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। ইসরায়েলিদের প্রবেশ ঠেকাতে এবং আল-আকসায় অবস্থান নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
পশ্চিম দেয়াল ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। অন্যদিকে, ইসলামিক ওয়াকফ প্রশাসন ও ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট পশ্চিম দেয়ালকে আল-আকসা মসজিদ-সংলগ্ন পবিত্র স্থাপনাগুলোর অংশ হিসেবে বিবেচনা করে।
পশ্চিম দেয়াল প্রাঙ্গণ ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এলাকাটিতে প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশি ও পরিচয় যাচাই করা হয়।
ইসরায়েলি বিভিন্ন গোষ্ঠী ইয়ম কিপ্পুরের আগে ‘সেলিখোট’ নামে বিশেষ প্রার্থনার জন্য বাব আল-রহমার বাইরে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিল। ইয়ম কিপ্পুর শুরু হবে ২১ সেপ্টেম্বর।
এদিকে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে আরও প্রায় ১০০ ইসরায়েলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে। তাদের ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালনের অভিযোগ করা হয়েছে।
ইহুদি ধর্মীয় উৎসবের ধারাবাহিকতায় ১২ ও ১৩ সেপ্টেম্বর হিব্রু নববর্ষের মধ্য দিয়ে চলতি উৎসবকাল শুরু হয়েছে। এরপর ২১ সেপ্টেম্বর পালিত হবে ইয়ম কিপ্পুর বা প্রায়শ্চিত্ত দিবস।
এরপর ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে সুক্কোট বা ফিস্ট অব ট্যাবারন্যাকলস। ৩ অক্টোবর পালিত হবে সিমখাত তোরাহ। এদিন ইহুদিদের বার্ষিক তোরাহ পাঠচক্রের সমাপ্তি উদ্যাপন করা হয়।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। জেরুজালেম গভর্নরেটের বক্তব্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ একতরফাভাবে ইসরায়েলিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!