যুক্তরাষ্ট্র   রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬,৪ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যের কথা জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ PM
অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যের কথা জানাল পুলিশ

সংবাদ সম্মেলনে কথা বলছেন কুমিল্লা জেলা পুলিশ আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটিই হত্যার একমাত্র কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যম, টিকটক বা অন্য কোনো বিরোধ ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি সাইফুল ইসলাম তুহিনের বয়স ১৯ বছর। তিনি কুমিল্লা সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন, তবে বর্তমানে পড়াশোনা থেকে ঝরে পড়েছেন। গ্রেপ্তার অন্যদের মধ্যে মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল ময়নামতি কারিগরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এবং সিয়াম আব্দুল খান আব্দুল খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, বয়সে বড় এসব তরুণের সঙ্গে অপ্রতিমের এক ধরনের ‘অসম বন্ধুত্ব’ তৈরি হয়েছিল। তদন্তে এই সম্পর্কের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার জানান, প্রধান আসামি তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। এই ফোন উদ্ধারের পর অপ্রতিমকে হত্যার পেছনে ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তদন্তকারী সংস্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিরোধ, টিকটক-সংক্রান্ত বিষয় কিংবা অন্য কোনো কারণ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগে কোনো আনুষ্ঠানিক অপরাধের অভিযোগ বা মামলা ছিল না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, গ্রেপ্তার হওয়া কিশোর ও তরুণদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে। তাদের কেউ কেউ কিশোর অপরাধচক্রের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান। তাদের বয়স অপ্রতিমের চেয়ে প্রায় পাঁচ থেকে ১০ বছর বেশি বলে উল্লেখ করা হয়।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়িতে নিজেদের বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে হত্যার উদ্দেশ্য ও ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো কারণ বা ব্যক্তি সম্পর্কে তদন্ত অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!