যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবসে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’: জলবায়ু সচেতনতা ও সবুজ নগর গঠনে তরুণদের আহ্বান

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০২:০৬ PM

৪৭
বিশ্ব পরিবেশ দিবসে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’: জলবায়ু সচেতনতা ও সবুজ নগর গঠনে তরুণদের আহ্বান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে আয়োজিত ‘রান ফর আর্থ’ ম্যারাথনে অংশ নেন তরুণ, জলবায়ু কর্মী ও সাধারণ নাগরিকরা। ছবিঃ সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’ ম্যারাথনের আয়োজন করেছে ব্রাইটার্স। প্রায় ৩০০ তরুণ ও জলবায়ু কর্মীর অংশগ্রহণে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী জলবায়ু সচেতনতা কর্মসূচি ‘রান ফর আর্থ’ (Run4Earth)। পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই নগর উন্নয়নের বার্তা নিয়ে আয়োজিত ৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে অংশ নেন প্রায় ৩০০ তরুণ, জলবায়ু কর্মী এবং সাধারণ নাগরিক।

তরুণদের সংগঠন ব্রাইটার্সের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা।

আয়োজকরা জানান, প্রচলিত সচেতনতামূলক প্রচারণার বাইরে গিয়ে অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে নগর জীবনে পরিবেশবান্ধব চর্চা বাড়ানো এবং জলবায়ু সংকট মোকাবিলায় সক্রিয় নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ এবং অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স লিড নাজমুল আহসানসহ বিভিন্ন পরিবেশ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মোহাম্মদ এজাজ বলেন, পরিবেশ রক্ষায় তরুণদের নেতৃত্বাধীন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরায়নের চাপে পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হলে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। তিনি বলেন, জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব।

নাজমুল আহসান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সৃজনশীল ও অংশগ্রহণমূলক উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করে এবং তাদের বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে উৎসাহিত করে।

অনুষ্ঠানের আয়োজক ব্রাইটার্সের প্রতিষ্ঠাতা বলেন, বর্তমানে তাপপ্রবাহ, বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং জ্বালানি নিরাপত্তাহীনতার মতো জলবায়ুজনিত চ্যালেঞ্জ বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এসব সংকট মোকাবিলায় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক ও সমষ্টিগত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, পরিবেশ রক্ষা কেবল কোনো একটি প্রতিষ্ঠান বা গোষ্ঠীর দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। ‘রান ফর আর্থ’-এর মাধ্যমে সেই বার্তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এই আয়োজনের কৌশলগত অংশীদার হিসেবে কাজ করেছে সি৩ইআর (সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ), ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট – ইয়ুথ ফর ক্লাইমেট জাস্টিস এবং স্বপ্নপুর কল্যাণ সংস্থা।

আয়োজকদের মতে, ঢাকার পরিবেশগত সংকট মোকাবিলায় দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরীর সবুজ স্থান সংরক্ষণ এখন সময়ের দাবি। পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রাজধানীর পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা সম্ভব।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ‘রান ফর আর্থ’ শুধু একটি ম্যারাথন নয়; এটি ছিল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সম্মিলিত দায়িত্ববোধ এবং টেকসই ভবিষ্যৎ গঠনের অঙ্গীকারের প্রতীক। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় আরও বেশি মানুষকে উদ্বুদ্ধ করবে এবং সবুজ ও বাসযোগ্য নগর গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!