যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

রামেকে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ PM ৩২
রামেকে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সংগৃহীত ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারজিনা বেগম (৫৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

মারজিনা বেগম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার সকালে শক সিন্ড্রোমে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য জানান। তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর মারজিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত শক সিন্ড্রোমে তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৫।

এদিকে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

বর্তমানে হাসপাতালটিতে মোট ১৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে শক সিন্ড্রোম দেখা দিলে রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!