যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

সিলেটে হামের সংক্রমণ অব্যাহত, একদিনে হাসপাতালে ভর্তি ১২৭

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ PM ৪০
সিলেটে হামের সংক্রমণ অব্যাহত, একদিনে হাসপাতালে ভর্তি ১২৭

সংগৃহীত ছবি

সিলেট বিভাগে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। চলতি বছরের শুরু থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮১ জনে পৌঁছেছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বিভাগে নিশ্চিত হাম রোগীর মধ্যে সিলেট জেলায় ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

এদিকে নতুন করে ১২৭ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন এবং বিয়ানীবাজারে ৬ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া বিশ্বনাথে চারজন, কোম্পানীগঞ্জে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৬০৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে—৩০৫ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩৪ জন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসা নিচ্ছেন।

রোববার নতুন করে সন্দেহজনক হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে মৃত্যুর সংখ্যা ১৮২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১৭২ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম আক্রান্ত ছিলেন।

জেলাভিত্তিক হিসাবেও সিলেটেই প্রাণহানি সবচেয়ে বেশি। জেলাটিতে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন সন্দেহজনক এবং চারজন নিশ্চিত হাম রোগী ছিলেন।

সুনামগঞ্জে মারা গেছেন ৬৬ জন। এর মধ্যে ৬৫ জন সন্দেহজনক এবং একজন নিশ্চিত হাম রোগী। হবিগঞ্জে মৃত্যু হয়েছে ২৮ জনের—২৪ জন সন্দেহজনক ও চারজন নিশ্চিত। আর মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে; তাদের মধ্যে ১৪ জন সন্দেহজনক এবং একজন নিশ্চিত হাম রোগী ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!