ছবি:সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৪ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকায়, দুজন চট্টগ্রামে এবং একজন সিলেটে চিকিৎসাধীন ছিলেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৪৮১ জনের। এরপর সিলেটে ১৮৯, চট্টগ্রামে ৯৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮১, বরিশালে ৬২, খুলনায় ৪৭ ও রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে বয়সভিত্তিক মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়নি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সের মানুষের হতে পারে। এ রোগে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৭৪ জনের।
একই সময়ে পরীক্ষার মাধ্যমে নতুন করে ১৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে।
হামের উপসর্গ স্বাস্থ্য অধিদপ্তর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!