ছবি : রয়টার্স
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসসংলগ্ন ফিলিস্তিনি গ্রাম তাল ও সারার ভেতর দিয়ে মিছিল করেছে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। এ সময় তাদের নিরাপত্তায় ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।
শনিবার (১ আগস্ট) স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ইসরায়েলি সেনাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করে মিছিল করেন। এ ঘটনায় স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, মিছিল চলাকালে পশ্চিম তীরের তাল গ্রামের কাছে একটি কবরস্থানে ভাঙচুর চালানো হয়। সেখানে মৃত ফিলিস্তিনিদের স্মরণে স্থাপিত স্মৃতিফলক ও পাথরের কাঠামো ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
বাসিন্দারা আরও জানান, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন।
সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ফিলিস্তিনি জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।
বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের কার্যক্রম ও স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাত দীর্ঘদিন ধরে অঞ্চলটির উত্তেজনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!