ছবি : সংগৃহীত
চলতি আগস্ট মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত আগস্ট মাসের আবহাওয়া পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় ভারী বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। তবে চলতি মাসে বড় ধরনের ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে বৃষ্টির বিরতির সময়ে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে (১ থেকে ৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘের আধিক্য থাকবে। এ সময়ে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
দ্বিতীয় সপ্তাহে (৯ থেকে ১৬ আগস্ট) দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।
এই সময়ে পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পানিতে উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
আগস্টের মাঝামাঝি সময়ের পরও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ১৭ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে একাধিক নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা জানিয়েছে বিডব্লিউওটি।
মাসের শেষ সপ্তাহে (২৫ থেকে ৩১ আগস্ট) দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির আধিক্য থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!