যুক্তরাষ্ট্র   শনিবার ১ আগস্ট ২০২৬,১৬ শ্রাবণ ১৪৩৩

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৫:১৮ PM

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে দেশের প্রতিটি বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত হবে এবং ব্যবসায়িক কার্যক্রমে গতি বাড়বে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, বৈঠকে দেশের বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগ পরিবেশ, শিল্পায়নের সুযোগ এবং ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশে থাকা অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) কার্যক্রম আরও কার্যকর করে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে আলোচনা হয়েছে। যেখানে জটিলতা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, বেসরকারি খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং তরুণ ও নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যবসা সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই সরকারের নীতিগত সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। বেসরকারি খাতের প্রতিনিধিরাও এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সরকারি দপ্তরের প্রধান এবং দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!