ছবি : পিআইডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু দুই দেশের ভৌগোলিক সীমান্তের বিষয় নয়। দুই দেশের মানুষের মধ্যে অভিন্ন লক্ষ্য ও আকাঙ্ক্ষার জায়গাও রয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। তার মতে, উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোও বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি।
বৈঠকে পরিবেশগত সহযোগিতার বিষয়েও কথা বলেন ভারতের হাইকমিশনার। তিনি বলেন, পরিবেশ ও বন্যপ্রাণীর চলাচল কোনো দেশের সীমান্তের মধ্যে আটকে থাকে না। একইভাবে এক দেশের দূষণ অন্য দেশেও প্রভাব ফেলতে পারে।
এ কারণে পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সুন্দরবন সংরক্ষণ, হাতির চলাচল এবং কার্বন ক্রেডিট নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কপ সম্মেলনেও বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ভারত সব সময়ই আমন্ত্রণ উন্মুক্ত রেখেছে। তবে সফরের সময় নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই এবং প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!