ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে আলোচনা হতে যাচ্ছে। এ নিয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক বৈঠক মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হবে।
দুই দিনব্যাপী এ বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা হবে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি পাওয়া গেলে ট্রেনগুলো আগামী মাস থেকে আবার চলাচল করতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের রেল কর্তৃপক্ষের এই বৈঠক আন্তঃসরকার রেলওয়ে বৈঠক বা আইজিআরএম নামে পরিচিত। এবার ঢাকার রেলভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ট্রেন তিনটি চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও বৈঠকে তুলবে বাংলাদেশ। একই সঙ্গে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথাও জানানো হবে।
আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় শুরু করতে শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সম্মতি যথেষ্ট নয়। এ ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মতামত প্রয়োজন হবে।
আগামীকালের বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নেবেন। তবে ট্রেনগুলো কবে থেকে চলবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকে আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্তঃদেশীয় ট্রেন চলাচলে প্রভাব পড়ে। ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। এরপর ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী—তিনটি ট্রেনের চলাচলই বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তন হলেও ট্রেনগুলোর নিয়মিত চলাচল আর শুরু হয়নি। দীর্ঘ বিরতির পর এবার আইজিআরএম বৈঠকের মাধ্যমে সেগুলো পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে।
মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা রুটে, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা রুটে এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!