ছবি : সংগৃহীত
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন (এনপিএ)-এ যোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেঘমল্লার বসুর পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদের পদত্যাগপত্রও কেন্দ্রীয় সংসদ গ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের শুরুতে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে একই সময়ে ছাত্র ইউনিয়ন ও নতুন রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতবিরোধ ও স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে। এই কারণেই তারা স্বেচ্ছায় পদত্যাগ করেন।
এর আগে এনপিএর ৯৯ সদস্যের প্রাথমিক তালিকায় মেঘমল্লার বসুর নাম প্রকাশিত হওয়ার পর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সর্বশেষ তিনি নিজেই নিশ্চিত করেছেন যে, ছাত্র ইউনিয়ন ছেড়ে এনপিএতে যোগ দিয়েছেন। একই সাংগঠনিক বাস্তবতার কথা উল্লেখ করে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে।
সংগঠনটি বলেছে, আদর্শ, নীতি এবং সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে একই ব্যক্তির একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন তাদের গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি বিবেচনায় নিয়েই সংশ্লিষ্টদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন বিদায়ী নেতাদের দায়িত্ব পালনের সময়কার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করেছে। একই সঙ্গে সংগঠনটি শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন এবং বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্বের মতোই কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
মেঘমল্লার বসু এনপিএ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!