যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি রাশেদ প্রধানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৫:২৬ PM

২২
জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি রাশেদ প্রধানের

ছবি : সংগৃহীত

জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার (২৫ জুলাই) সিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশ ছিল রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় কর্মসূচির সমাপনী আয়োজন।

রাশেদ প্রধান বলেন, ঢাকা মহাসমাবেশ পর্যন্ত যদি জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন না হয়, তাহলে এক দফার সরকার পতনের আন্দোলন শুরু হবে। তার ভাষ্য, সে পরিস্থিতিতে বর্তমান সরকারও ক্ষমতায় থাকতে পারবে না।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় আসার পর পাঁচ মাস পার হলেও সিলেট অঞ্চল এখনো অবহেলিত। তার দাবি, একটি সরকার প্রথম কয়েক মাসে কার্যকর পদক্ষেপ দেখাতে না পারলে পরবর্তী সময়েও উল্লেখযোগ্য পরিবর্তন আনা কঠিন।

ভারত থেকে সীমান্ত দিয়ে কথিত পুশইনের চেষ্টা প্রতিহত করায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানান জাগপা নেতা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশে ফিরলে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনরা জনতার আদালতে তার বিচার চাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

সংবিধান সংস্কারের বিষয়ে রাশেদ প্রধান অভিযোগ করেন, সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে কেবল সংশোধনের পথে এগোচ্ছে, যা তাদের দল মেনে নেবে না। তিনি বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!