যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

জন্মদিনের কর্মসূচির অভিযোগে চট্টগ্রামে ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ PM ৬৫
জন্মদিনের কর্মসূচির অভিযোগে চট্টগ্রামে ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে গ্রেপ্তার সাতজনের ছবি। সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসিফ মাহমুদ, সুফিয়া বেগম, শারমিন আক্তার, মোহাম্মদ সানি, হাবিবুর রহমান, শারমিন বেগম ও নুরুল হাকিম।

পুলিশের ভাষ্য, শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে তারা দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং কেক কাটার আয়োজন করেন। এর অংশ হিসেবে নগরের পাঁচলাইশ এলাকায় কেক কাটার পর বায়েজিদের শীতল ঝরনা এলাকার একটি বয়স্ক আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ শেষে আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!