যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

ক্যামেরাবিহীন এআই চশমা এনেছে মেটা

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ PM ৭৮
ক্যামেরাবিহীন এআই চশমা এনেছে মেটা

মেটার নতুন Ray-Ban Meta Audio ক্যামেরাবিহীন এআই চশমা; ছবি: সংগৃহীত

ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা নিয়ে গোপনীয়তা ও অনিচ্ছাকৃত রেকর্ডিংয়ের উদ্বেগের মধ্যেই নতুন ধরনের এআই চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে মেটা। কোম্পানির নতুন Ray-Ban Meta Audio মডেলে কোনো ক্যামেরা রাখা হয়নি; বরং অডিও, ফোন কল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ব্যবহারের সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মেটা কানেক্ট ২০২৬ সম্মেলনে বুধবার মডেলটি উন্মোচন করা হয়।

মেটার নতুন এই চশমায় ওপেন-ইয়ার অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে গান ও পডকাস্ট শোনা, ফোন কল করা এবং হাত ব্যবহার না করে এআই সহকারীর সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী, একবার চার্জে চশমাটি ১২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। সঙ্গে থাকা চার্জিং কেস থেকে আরও ৪৮ ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে।

Ray-Ban Meta Audio-এর ওজন ৪৩ গ্রাম। Clubmaster ও Burbank—এই দুটি ডিজাইনে মোট ২৩টি ফ্রেম ও লেন্সের সমন্বয় থাকছে। বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন লেন্সের সঙ্গেও এগুলো ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রে এর প্রি-অর্ডার শুরু হয়েছে ৩৪৯ ডলার থেকে এবং ১৩ অক্টোবর থেকে সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

ক্যামেরাবিহীন এই মডেল আনার পেছনে গোপনীয়তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা ব্যবহার করে মানুষের অজান্তে ছবি বা ভিডিও ধারণের আশঙ্কা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। মেটার ক্যামেরাযুক্ত নতুন প্রজন্মের Ray-Ban Meta চশমায় অবশ্য রেকর্ডিংয়ের সময় আশপাশের মানুষকে জানানোর জন্য একটি দৃশ্যমান LED নির্দেশক রাখা হয়েছে।

একই অনুষ্ঠানে মেটা তাদের ব্যক্তিগত এআই এজেন্ট Muse-কে এআই চশমার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে। ব্যবহারকারীরা চশমার মাধ্যমে হাত না লাগিয়েই Muse-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মেটার ভাষ্য অনুযায়ী, Muse দৈনন্দিন কাজ সামলাতে, পরিকল্পনা তৈরি করতে এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতে ব্যবহারকারীকে সহায়তা করতে পারে।

মেটা একই সঙ্গে Ray-Ban Meta-এর তৃতীয় প্রজন্মের চশমাও উন্মোচন করেছে। এতে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, 3K Ultra HD ভিডিও রেকর্ডিং এবং উন্নত ব্যাটারি সুবিধা রয়েছে। এই মডেলের দাম শুরু হচ্ছে ৪৪৯ ডলার থেকে। অর্থাৎ নতুন ক্যামেরাবিহীন মডেলের পাশাপাশি ক্যামেরাসহ স্মার্ট চশমার লাইনআপও সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।

এবারের Connect সম্মেলনে মেটা VR Glasses নামের নতুন ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসও দেখিয়েছে। এর ওজন প্রায় ১০০ গ্রাম, যা একটি তাসের প্যাকেটের কাছাকাছি। এতে সিনেমা দেখা, লাইভ স্পোর্টসের ইমার্সিভ অভিজ্ঞতা, ভার্চুয়াল ওয়ার্কস্পেস এবং হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে গেম নিয়ন্ত্রণের মতো সুবিধা রয়েছে।

মেটার তথ্য অনুযায়ী, VR Glasses ২০২৭ সালের বসন্তে বাজারে আসবে এবং এর দাম হবে ১ হাজার ২৯৯ দশমিক ৯৯ ডলার। ডিভাইসটিতে আলাদা ভারী হেডসেটের বদলে চশমার মতো হালকা ফর্মফ্যাক্টর ব্যবহার করা হয়েছে।

মেটা জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ Ray-Ban, Oakley ও Meta Glasses মিলিয়ে তাদের এআই চশমার ১০০টির বেশি স্টাইল বাজারে থাকবে। এর মাধ্যমে ক্যামেরা, অডিও, এআই সহকারী ও ডিসপ্লে—বিভিন্ন ধরনের প্রযুক্তিকে চশমার আকারে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

মেটা ক্যামেরাবিহীন এআই চশমা এআই চশমা মেটা কানেক্ট যুক্তরাষ্ট্র LED VR Glasses ২০২৭ Ray Ban Oakley Meta Glasses

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!