যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

১০৫০ দিন পর টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়নের হার

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১১:৩২ AM

১৯
১০৫০ দিন পর টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়নের হার

ভারতের বিপক্ষে জয়ের উচ্ছ্বাস আয়ারল্যান্ডের ক্রিকেটেরদের। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাত্র ১ রানের নাটকীয় জয় তুলে নিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আইরিশরা। একই সঙ্গে দীর্ঘ ১০৫০ দিন পর টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজে পরাজয়ের স্বাদ পেল ভারত।

বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন হ্যারি টেক্টর। এছাড়া বেন কালিচ ২৩ বলে ৩৭, জর্জ ডকরেল ১৯, রস অ্যাডায়ার ১৬ এবং লরকান টাকার ১৫ রান করেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দুই ওপেনার ছাড়াও দ্রুত সাজঘরে ফেরেন ইশান কিশান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এরপর তিলক ভার্মা, শিবম দুবে ও হারশিত রানা প্রতিরোধ গড়ে তুললেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন তিলক ভার্মা। হারশিত রানা ১০ বলে ২১ এবং শিবম দুবে ২০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানেই থেমে যায় ভারতের ইনিংস।

ম্যাচের শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। প্রথম দুই বলে ওয়াইড ও নো বলের সুবাদে ৯ রান এলেও পরের তিন বলে মাত্র ৩ রান দেন হ্যারি টেক্টর। ফলে শেষ বলে প্রয়োজন হয় ৮ রান। প্রিন্স যাদব ছক্কা মারলেও সেটি ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। ১ রানের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড।

বল হাতে আয়ারল্যান্ডের হয়ে জাই মন্ড্রা ও ম্যাট হোলার্ড তিনটি করে উইকেট নেন। এছাড়া হ্যারি টেক্টর ও ম্যাথিউ হ্যাম্প্রেস একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে সিরিজে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ড। পাশাপাশি দীর্ঘ সময় ধরে চলা ভারতের ধারাবাহিক সিরিজ জয়ের পথেও ইতি টানল আইরিশরা। ঐতিহাসিক এই সাফল্য আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারত আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ ক্রিকেট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!