যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

দূষণের ঝুঁকিতে দিল্লির ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ PM ৪
দূষণের ঝুঁকিতে দিল্লির ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে

বায়ুদূষণের কারণে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ছবি: সংগৃহীত

দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি এবং স্টেডিয়ামের সংস্কারকাজ—দুই কারণে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন ওয়ানডে ম্যাচটি আয়োজন নিয়ে সমস্যায় পড়েছে স্থানীয় ক্রিকেট কর্তৃপক্ষ। আগামী ১৩ ডিসেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচটি অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে চিঠি দিয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে বিসিসিআইকে জানিয়েছে ডিডিসিএ। স্টেডিয়ামে চলমান সংস্কারকাজের পাশাপাশি দিল্লির বায়ুমানের অবনতিকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তবে তাদের কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয় বায়ুদূষণ।

বছরের শেষ দিকে দিল্লিতে বায়ুদূষণ সাধারণত তীব্র আকার ধারণ করে। গত বছরের ডিসেম্বরে শহরটির গড় বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৫১। চলতি বছরের ২ নভেম্বরও প্রায় একই ধরনের দূষণ পরিস্থিতি দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় এবার খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে ডিডিসিএ।

ক্রিকবাজকে দেওয়া বক্তব্যে সংশ্লিষ্ট এক সূত্র জানান, স্টেডিয়ামের সংস্কারকাজের তুলনায় বায়ুমান নিয়েই তাঁদের উদ্বেগ বেশি। এ কারণে ম্যাচটি দিল্লি থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে তাঁরা আগ্রহী।

দিল্লিতে দূষিত পরিবেশে ক্রিকেট খেলার বিরূপ অভিজ্ঞতা রয়েছে ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের। ২০১৭ সালের ডিসেম্বরে দুই দলের একটি টেস্ট ম্যাচ চলাকালে বায়ুদূষণের কারণে শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড়কে মাঠে বমি করতে দেখা গিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার আগেভাগে ভেন্যু পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে ডিডিসিএ। আগামী বছর অন্য কোনো সময়ে দিল্লিতে একটি ম্যাচ আয়োজনের প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।

সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ১৩ ডিসেম্বর দিল্লিতে হওয়ার কথা। দ্বিতীয় ম্যাচ ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে এবং শেষ ম্যাচ ১৯ ডিসেম্বর আহমেদাবাদে নির্ধারিত রয়েছে। প্রথম ম্যাচের ভেন্যু পরিবর্তন হলে সিরিজের সূচিতে সংশোধন আনতে হতে পারে বিসিসিআইকে।

এর আগে দিল্লি থেকে ম্যাচটি সরিয়ে নেওয়ার খবর অস্বীকার করেছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। গত ১২ অক্টোবর তিনি জানিয়েছিলেন, দিল্লির ম্যাচ আহমেদাবাদে আয়োজনের বিষয়ে বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। সংবাদমাধ্যমকে সূচি পরিবর্তনের তথ্যের জন্য বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে দিল্লির বায়ুদূষণ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!