যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬,২ আশ্বিন ১৪৩৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৪:২৩ PM | সর্বশেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০৪:২৪ PM ৭৩
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় বাঁশ কাটতে গেলে বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২-এর কাছে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। স্থানটি বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখা থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পের কাছাকাছি বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্র ও বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, বাঁশ কাটার জন্য মিয়ানমারের ওই এলাকায় প্রবেশ করেছিলেন সাইফুল। সেখানে মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর তার পা পড়লে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সাবের।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সীমান্ত এলাকায় অপ্রয়োজনে ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের প্রতি নির্দেশনার কথা জানিয়েছেন।

সীমান্তবর্তী বাসিন্দাদের ভাষ্য, সীমান্ত পিলার ৫১ থেকে ৫৪-এর আশপাশের কিছু বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ জীবিকার প্রয়োজনে মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে বাঁশসহ বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করেন।

তবে মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংঘাত এবং ল্যান্ডমাইন থাকার কারণে এ ধরনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সাইফুলের মৃত্যুর পর সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!