উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীতে পানি বাড়ায় নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত।
হবিগঞ্জ ও মৌলভীবাজারের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বাড়তে থাকায় আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি কিছু স্থানে সতর্ক সীমায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২৯ আগস্ট) বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ও দায়িত্বরত কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম শোভনের দেওয়া নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী তিন দিন দেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং সংশ্লিষ্ট উজান এলাকায় মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। আগামী একদিনও এসব নদীর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকার পূর্বাভাস রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪ ঘণ্টায় নদীগুলোর পানি কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিচু এলাকাগুলোর কোথাও কোথাও সাময়িক পানি উঠতে পারে।
এদিকে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। দ্বিতীয় দিনে পরিস্থিতি স্থিতিশীল হয়ে তৃতীয় দিনে পানি কমার সম্ভাবনা রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনার পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী একদিনও এ অবস্থা থাকতে পারে। তবে পরবর্তী চারদিন পানি বাড়ার পূর্বাভাস রয়েছে। গঙ্গা-পদ্মার পানি বর্তমানে স্থিতিশীল এবং আগামী পাঁচ দিনও তা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। এসব নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হতে পারে।
উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় অপরিবর্তিত ছিল। দুধকুমার নদীর পানি কমেছে। আগামী একদিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী দুই দিনে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
হবিগঞ্জ মৌলভীবাজারে প্লাবন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!