যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৯ PM | সর্বশেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৪:১০ PM ৭৬
সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ছবি: প্রতীকি

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চিকিৎসার জন্য তিনি বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন।

জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে রনজিনা পারভীন ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। এর আগে ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। সেখান থেকে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল আসে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের আশাবাদও জানিয়েছেন তিনি।

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!