যুক্তরাষ্ট্র   শনিবার ১০ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬ PM ৮৭
সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এর মাধ্যমে আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। এতে আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত মতবিনিময়ের পরামর্শ দেন অনিন্দ্য ইসলাম অমিত। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় দায়িত্ব নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার ও অরাজকতা নিয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দলীয় বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের ঘটনায় প্রথমে সাংগঠনিক এবং পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়ার প্রভাব বিভিন্ন দেশেই পড়ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মতো দেশেও জ্বালানির দাম বৃদ্ধির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকারেরও বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে জনগণের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার পরিস্থিতি সমন্বয়ের চেষ্টা করছে।

এ সময় নিজেদের মধ্যে পরিমিতিবোধ গড়ে তোলার পাশাপাশি শিশুদেরও জ্বালানি ও অন্যান্য সম্পদের পরিমিত ব্যবহার শেখানোর ওপর গুরুত্ব দেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!