যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ PM ১২৩
জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের ভূমিকা নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে এসব সময়ে বিএনপি ইতিবাচক ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।

আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শামীম কায়সার লিংকন।

তিনি বলেন, ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যন্ত দলের নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচনে জয় নিশ্চিত করতে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

সমাবেশে সংরক্ষিত নারী সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ এবং যুবদলের সভাপতি রাগীব হাসার চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে গাইবান্ধার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!