যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

উচ্ছেদের পর পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীদের সড়ক অবরোধ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ PM ৬৪
উচ্ছেদের পর পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীদের সড়ক অবরোধ

হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন বস্তিবাসীরা। ছবি: সংগৃহীত

হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ করেছেন কয়েক হাজার বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকা থেকে মিছিল বের করে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সকাল সাড়ে ৮টার দিকে বস্তিবাসীরা টঙ্গী বাজার এলাকায় জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। পরে সেখান থেকে মিছিলটি স্টেশন রোড ঘুরে বিআরটি ফ্লাইওভারে ওঠে। এরপর বিক্ষোভকারীরা মহাসড়কের একাংশে অবস্থান নিয়ে আংশিক অবরোধ তৈরি করেন। এ সময় তারা ‘ভাত দে, কাপড় দে, বাসস্থান দে, পুনর্বাসন দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, কয়েকজন মাদক ব্যবসায়ীর কর্মকাণ্ডের দায় পুরো বস্তির মানুষের ওপর চাপিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। তাদের দাবি, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে বসতঘর সরিয়ে দেওয়ায় তারা পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আগের জায়গায় বসবাসের সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

বস্তিবাসীরা জানান, হাজী মাজার বস্তিতে বসবাসকারীদের বড় একটি অংশ নিম্ন আয়ের মানুষ। তাদের মধ্যে দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পোশাকশ্রমিক এবং বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক রয়েছেন। হঠাৎ বসতঘর ভেঙে দেওয়ার পর পরিবার নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

আন্দোলনকারীরা আরও বলেন, প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা সহযোগিতা করতে প্রস্তুত। তবে কয়েকজনের অপরাধের জন্য সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ করে পুনর্বাসনহীন অবস্থায় ফেলে রাখা তারা মেনে নেবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

স্থানীয়দের দাবি, হাজী মাজার বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সেখান থেকে মাদক উদ্ধারের ঘটনাও ঘটেছে বলে তারা জানিয়েছেন। তবে বস্তিবাসীদের উচ্ছেদের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। আন্দোলনকারীরাও তাদের অভিযোগের পক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

বিক্ষোভের কারণে বিআরটি ফ্লাইওভারের ওপর মহাসড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরে যাওয়ার চেষ্টা করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, বস্তিবাসীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন হাজী মাজার বস্তির বাসিন্দারা।

হাজী মাজার বস্তি টঙ্গী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!