যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ PM ৮৭
বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। পুলিশের ভাষ্য, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার ৪ নম্বর সড়কে একটি সংঘবদ্ধ দলের ডাকাতির প্রস্তুতির খবর পায় ডিবি। এরপর গুলশান বিভাগের ৪৫ সদস্যের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে ৪ নম্বর সড়কের খায়ের প্যালেসের সামনে থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া ছিল একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, র‍্যাবের একটি আইডি কার্ড, একটি শপিং ব্যাগ ও একটি হায়েস মাইক্রোবাস।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিবি সূত্রে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তাদের আগের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় তাদের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!