যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ PM ৭৯
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিক শরীফের ভাষ্য অনুযায়ী, ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল বাড়িতে ঢোকে। প্রথমে তারা বাড়ির সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে দেয়। এরপর একটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

একপর্যায়ে সিদ্দিক শরীফের ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে তাকে ও পরিবারের অন্য সদস্যদের ভয় দেখানো হয়। পরে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় দলটি।

সিদ্দিক শরীফ জানান, ডাকাতদের কাছে পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। হঠাৎ দরজা ভেঙে তারা ঘরে ঢুকে পড়ায় পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীরা কীভাবে বাড়িতে প্রবেশ করেছিল এবং ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গভীর রাতে বসতবাড়িতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় মধ্য রাকুদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!