যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, দুইজনের ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ PM | সর্বশেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ PM ৭৯
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, দুইজনের ৩ মাসের কারাদণ্ড

ছবি:সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

কারাদণ্ড পাওয়া দুই ব্যক্তি হলেন সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬)।

প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে অভিযানের খবর আগে থেকে জানতে না পারেন, সে জন্য বিভিন্ন সম্ভাব্য এলাকায় সিএনজি অটোরিকশায় পৃথক দল পাঠিয়ে নজরদারি করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে কয়েকজন বালু উত্তোলনকারী ছড়ার অন্য পাশ দিয়ে পালিয়ে যান। পরে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান চালানোর সময় বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী ও বিশ্বনাথ কুর্মীকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মামলায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে।

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বালু উত্তোলনে কারাদণ্ড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!