যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরার

কালিন্দী নদী সীমান্তে ১০-১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ PM ৪২
কালিন্দী নদী সীমান্তে ১০-১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধা

কালিন্দী নদীর সীমান্তে বিএসএফের নৌযান আটকে বাংলাদেশে প্রবেশ ঠেকায় বিজিবি। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিন্দী নদীর সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বৃষ্টির মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে গিয়ে তাদের প্রবেশ ঠেকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ। বিজিবি সূত্রের তথ্য অনুযায়ী, ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে দক্ষিণ দিকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে কালিন্দী নদীর চর এলাকায় ওই ব্যক্তিদের নিয়ে আসে বিএসএফ।

বিজিবি জানায়, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা এ কাজে একটি নৌকা ও একটি স্পিডবোট ব্যবহার করেন। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। এরপর বৃষ্টির মধ্যেই বিজিবির সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

বিজিবির সদস্যরা সেখানে পৌঁছানোর পর বিএসএফের পক্ষে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠানো সম্ভব হয়নি। বিজিবির কাছ থেকে পাওয়া ২৭ সেকেন্ডের ভিডিওতেও সীমান্তের জলসীমায় দুটি নৌযানকে পাশাপাশি অবস্থান করতে দেখা যায়। ভিডিওতে একটি নৌযানে রেইনকোট পরা ও অস্ত্রধারী বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। অপর নৌযানে কয়েকজন ব্যক্তি ছিলেন। পরে বিজিবির নৌযানটি ওই নৌযানের দিকে এগিয়ে যায়।

বিজিবির তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান।

নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের ঠেলে পাঠানোর চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল এবং অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সাতক্ষীরা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!