যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জ

করিমগঞ্জের হাওরে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ PM ৪১
করিমগঞ্জের হাওরে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

করিমগঞ্জের চংনোয়াগাঁও হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই যুবকের মৃত্যু। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা-ভাতিজা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম ও নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন। সকালে জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এর মধ্যে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে দুজনই ঘটনাস্থলে মারা যান।

বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় পার হলেও শাহ আলম ও মোকাররম বাড়িতে ফিরে না আসায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে পরিবারের লোকজন তাদের সন্ধানে হাওরের দিকে যান। সেখানে হাঁটুপানির মধ্যে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহত মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসে বিয়ে করেছিলেন তিনি। আর শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, বজ্রাঘাতে দুই যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কিশোরগঞ্জ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!