যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

খেলতে গিয়ে নিখোঁজ দুই শিশু, খালিয়াজুরীর হাওর থেকে মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ PM ৫৩
খেলতে গিয়ে নিখোঁজ দুই শিশু, খালিয়াজুরীর হাওর থেকে মিলল মরদেহ

ছবি:সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই এলাকার সেকুল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলছিল। একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশের হাওরের পানিতে পড়ে যায়। কখন তারা পানিতে তলিয়ে যায়, তা আশপাশের কেউ বুঝতে পারেননি।

পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খোঁজ শুরু করেন। একপর্যায়ে হাওরের পানিতে তল্লাশি চালিয়ে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করেন। তবে উদ্ধারের আগেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর মিয়া ঘটনাস্থলে যান এবং শিশু দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনায় দুই শিশুর মৃত্যু হাওরে ডুবে শিশুর মৃত্যু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!