যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝেই বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে ক্ষোভ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ PM ৪৮
প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝেই বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে ক্ষোভ

কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। ছবি: সংগৃহীত

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য সরাসরি সম্প্রচারের সময় বিদ্যুৎ চলে যাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের উদ্দেশ্যে আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে এ ঘটনা ঘটে।

সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচারের আয়োজন করা হয়েছিল। বক্তব্য শুরু হওয়ার প্রায় এক মিনিটের মধ্যেই উপজেলা মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর সেখানে আবার বিদ্যুৎ সরবরাহ চালু হয়।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, মিলনায়তনে বিদ্যুৎ না থাকলেও ওই সময় কাউখালী উপজেলার অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু ছিল। ফলে গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানের সময় নির্দিষ্ট স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিয়ে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

ঘটনাটির তদন্ত দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। তাঁর বক্তব্য, ঘটনার নিরপেক্ষভাবে অনুসন্ধান করে এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের আগে অনুষ্ঠানস্থলে যাতে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরও কেন এমন ঘটনা ঘটল, তা গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান তিনি।

পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেনও বিষয়টি তদন্তের মাধ্যমে কারণ বের করার কথা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

পিরোজপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!