যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

গাজীপুরে মানব পাচার মামলায় নারীসহ গ্রেপ্তার ২, উদ্ধার ৩ বছরের শিশু

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ PM ৬১
গাজীপুরে মানব পাচার মামলায় নারীসহ গ্রেপ্তার ২, উদ্ধার ৩ বছরের শিশু

ছবি:সংগৃহীত

গাজীপুরের পূবাইল এলাকায় মানব পাচার মামলার তদন্তে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে একটি ভাড়া বাসা থেকে তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে হায়দরাবাদ দিলারটেক মসজিদ মার্কেটের কাছাকাছি একটি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকে আটকে রাখার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন চাঁদপুরের কচুয়া এলাকার শহিদ (৪৬) ও তাঁর স্ত্রী শিল্পি আক্তার (৪৫)। তারা পূবাইল থানার ৩৯ নম্বর ওয়ার্ডের দিলারটেক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা শিশুটির নাম বায়েজিদ এবং তার বয়স তিন বছর।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, শিশুটির বাবা-মা টঙ্গী পূর্ব থানার আমতলী এলাকায় বসবাস করতেন। প্রায় দুই মাস আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তাঁরা কারাগারে যাওয়ার পর শিশুটির দেখাশোনা করছিলেন প্রতিবেশীরা।

গত ১৬ আগস্ট দুপুরে আমতলী এলাকার ভাড়া বাসার সামনে থেকে বায়েজিদ নিখোঁজ হয়। এরপর স্বজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

পরে ১৩ সেপ্টেম্বর রাতে শিশুটিকে পূবাইলের হায়দরাবাদ দিলারটেক এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখার খবর পায় পুলিশ। স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগ উঠেছে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমি আরজু নামের এক নারী শিশুটিকে অসহায় অবস্থার সুযোগ নিয়ে নিয়ে যান। পরে তাকে নির্যাতন ও ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের উদ্দেশ্যে শহিদ ও শিল্পি আক্তারের কাছে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!