যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ PM | সর্বশেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ PM ৫৯
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ১

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে একটি চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।

প্রাইভেটকারটিতে চালকসহ পাঁচজন ছিলেন। তারা মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিলেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেটকারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাড়িতে থাকা অপর চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত চারজন হলেন মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। তাদের সবার বাড়ি ঢাকার গেন্ডারিয়ায় বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!