উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল; ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা-মতিঝিল রুটে চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া এই যান্ত্রিক সমস্যার কারণে প্রায় ২৬ মিনিট মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকে।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেনে চলার সময় পেছনের একটি দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। বিষয়টি নজরে আসার পর যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওই রুটে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, সকাল ৭টা ৩৭ মিনিটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর প্রকৌশলীরা ঘটনাস্থলে কাজ করে দরজার যান্ত্রিক ত্রুটি ঠিক করেন। মেরামতের কাজ শেষ হওয়ার পর সকাল ৮টা ৩ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়।
সাময়িক এই বিভ্রাটের কারণে মেট্রোরেল ব্যবহারকারীদের মধ্যে কিছুটা ভোগান্তি তৈরি হলেও ত্রুটি সমাধানের পর উত্তরা-মতিঝিল রুটে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!