যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৬৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ PM ৩৫
নোয়াখালীতে রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৬৩

নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে তল্লাশি চালায় পুলিশ। ছবি: সংগৃহীত

কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আবারও রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ১৬৩ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন জনসমাগমস্থলে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

অভিযানে আটক ১৬৩ জনের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আরও নয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা ঠেকাতে নিয়মিত পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে কিশোরদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করে সচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!