যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহের দুর্ঘটনায় একই পরিবারের চারজনের দাফন, শোকে স্বজনরা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ PM ৩২
ময়মনসিংহের দুর্ঘটনায় একই পরিবারের চারজনের দাফন, শোকে স্বজনরা

জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুরে নিহতদের জানাজা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নিজ নিজ এলাকায় জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত মর্জিনা বেগম (২৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে মোজাব্বিদ ইসলাম মিনানের জানাজা সকাল ৯টায় গোড়ারকান্দা এলাকায় অনুষ্ঠিত হয়। পরে তাঁদের দাফন করা হয়। মর্জিনা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন।

একই পরিবারের আরেক দুই নিহত মোফাজ্জাল হোসেন লেবু (৫৫) ও তাঁর মা রাশিদা বেগমের (৮০) জানাজা সকাল ১০টায় দড়িহামিদপুর ভাটিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁদেরও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হন। নিহত সিএনজিচালক সুজন মিয়ার জানাজা শুক্রবার রাত ১১টায় বীর গোবিন্দি এলাকায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে দাফন করা হয়। এ ছাড়া নিহত আকরাম আলী ও তাঁর স্ত্রী মমতাজ বেগমের জানাজা ও দাফনও শনিবার সকালে নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গাজীপুরে টাইলসের কাজের ঠিকাদারি করতেন মোফাজ্জাল হোসেন। শুক্রবার সকালে তিনি তাঁর মা, মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হন। বেলা সোয়া ১টার দিকে আকুয়া বাইপাস এলাকায় তাঁদের বহনকারী সিএনজির সঙ্গে জামালপুরগামী রাজীব পরিবহনের বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা সবাই নিহত হন।

স্বজনদের ভাষ্য, মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা ও নাতি মিনানকে কয়েক দিনের জন্য গাজীপুরে নিজের বাসায় নেওয়ার পরিকল্পনা করেছিলেন মোফাজ্জাল। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই দড়িহামিদপুর ভাটিপাড়াসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট জিয়াউল হক বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

এদিকে দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ সড়কে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন। তাঁদের অভিযোগ, এর আগেও এই পরিবহনের বাসের বিরুদ্ধে দুর্ঘটনার ঘটনা রয়েছে। দুর্ঘটনার কারণ এবং সড়কে বাস চলাচলের ব্যবস্থাপনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!