যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ PM ৪১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ১

নিহত ট্রাকচালক মো. রাজীব হোসেন। সংগৃহীত ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামে সন্দেহভাজন এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তবে হামলায় জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে।

রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা পৌরসভার শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাজীব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এলেঙ্গা এলাকায় পৌঁছানোর পর মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে রাজীব প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া একটি ছিনতাইকারী দল তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তারা।

রাজীবের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়রা ধাওয়া করে মিন্টু নামে একজনকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় জড়িত আরও তিন থেকে চারজন পালিয়ে গেছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মিন্টুকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!