যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সাভারে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ডাকাতি, ৩ জন গ্রেপ্তার

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ PM ৪৫
সাভারে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ডাকাতি, ৩ জন গ্রেপ্তার

ছবি:সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে র‍্যাবের পরিচয় দিয়ে ২৬ লাখ টাকা ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুয়েল শিকদার (৪০), মো. তামিম (২৪) ও উজ্জ্বল সরদার (২০)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা একটি আন্তজেলা ডাকাত দলের সঙ্গে জড়িত। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এসআরবি জানায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে মাদানী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংক থেকে ২৬ লাখ টাকা তোলেন আর. কে এন্টারপ্রাইজের কর্মচারী মো. ইসরাফিল হক (৩৮)।

ব্যাংক থেকে টাকা নিয়ে সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে অনুসরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের কয়েকজন র‍্যাবের পোশাক পরা ছিলেন। পরে ইসরাফিলকে ঘিরে ধরে নিজেদের র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দেন তারা।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তিরা ইসরাফিলের কাছে থাকা টাকার ব্যাগ নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে লোহার রড দিয়ে তাঁকে মারধর করে গুরুতর আহত অবস্থায় সড়কে ফেলে রেখে ২৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর প্রতিষ্ঠানের মালিক মো. রেজাউল করিম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।

মামলার পর ঘটনাটি তদন্তে নামে এসআরবির একটি দল। সংস্থাটির দাবি, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি র‍্যাব পরিচয়ে ডাকাতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!